প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম অঞ্চলের ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬। বাংলাদেশ গণিত সমিতি ও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের আয়োজন করে প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগ। এতে চট্টগ্রাম অঞ্চলের ১৩টি বিশ্ববিদ্যালয় ও ৭টি কলেজের মোট ১২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ৯টায় অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিম্পিয়াডের আহ্বায়ক ও গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব এবং বাংলাদেশ গণিত সমিতির কাউন্সিল সদস্য ও ই-ম্যাথ বাংলাদেশ-এর গবেষক কাজী মো. খায়রুল বাশার। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরীসহ গণিত বিভাগের শিক্ষক, আয়োজক কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির অন্যতম ভিত্তি হলো গণিত। গণিতচর্চা মানুষের যৌক্তিক চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। তিনি প্রাচীন ভারতীয় ও গ্রিক গণিতবিদদের অবদানের কথা উল্লেখ করে বলেন, তাঁদের সৃষ্টিশীল চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাও গণিত ও বৈজ্ঞানিক চিন্তার প্রয়োগের মাধ্যমে আধুনিক সভ্যতায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি আরও বলেন, এ ধরনের অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা তুলে ধরার পাশাপাশি জ্ঞান বিনিময় ও প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করে। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে তৃতীয়বারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হওয়ায় তিনি বাংলাদেশ গণিত সমিতি ও গণিত বিভাগকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও যোগ্য গণিতবিদ তৈরি করা অত্যন্ত জরুরি। এ ধরনের অলিম্পিয়াড শিক্ষার্থীদের গাণিতিক জ্ঞান ও দক্ষতা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস ও পেশাগত সক্ষমতা অর্জনে সহায়তা করে। তিনি এ আয়োজনের পৃষ্ঠপোষকতার জন্য এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণিত বিভাগের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব তাঁর বক্তব্যে গণিতচর্চার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, যৌক্তিক চিন্তা ও গাণিতিক সমস্যা সমাধানে আগ্রহী হওয়ার আহ্বান জানান। তিনি এ ধরনের অলিম্পিয়াডকে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গণিতের প্রতি আগ্রহ বাড়ানোর একটি কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, এ ধরনের শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণিতচর্চা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। তিনি অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে অলিম্পিয়াডের আহ্বায়ক ও গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষার্থীদের কঠিন গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পাওয়ার আনন্দ ও আত্মবিশ্বাস একজন শিক্ষকের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অলিম্পিয়াড থেকে শুধু প্রতিযোগিতার ফলাফল নয়, বরং নতুন ধারণা, বন্ধুত্ব এবং কঠিন সমস্যার মুখোমুখি হওয়ার সাহস নিয়ে ফিরতে হবে। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অলিম্পিয়াডের আয়োজক কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মামুন-অর-রশিদ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. হরধন কুমার মহাজন। কমিটির অন্যান্য সদস্য ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, সহকারী অধ্যাপক কল্লোল দে, প্রভাষক সুমাইয়া ইয়াসমিন, প্রভাষক মোহাম্মদ মিনহাজ উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গণিতের প্রভাষক আফসার উদ্দিন এবং গণিত বিভাগের সাবেক প্রভাষক মো. মাহবুবুর রহমান।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত